
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
মামলায় পরীমণির পক্ষে শুনানি করবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এই মামলা থেকে পরীমণি ন্যায়বিচার পাবেন’।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর লিখিতভাবে সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেয়া হয়েছিল। তবে ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরো বলা হয়, অন্য দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমণি। নিজের গাড়িটিও মাদক বহনের কাজে ব্যবহার করতেন তিনি। এসব মাদক রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমণির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত এই মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় আজ আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








