আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান
আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান। ফাইল ছবি

দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়াতে নয়টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে তিনি রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নয়টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এতে রেজিস্ট্রেশন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।

নয়টি মাইক্রোবাসের মধ্যে ছয়টি দেয়া হয়েছে- চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। এছাড়া, দু’টি দেয়া হয়েছে রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে এবং একটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়বে এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা আরো জোরদার হবে।

উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদফতর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো: খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের মহাপরিচালক মো: মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী, আইনমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো: সাজ্জাদুর রহমানসহ আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস