ওয়ারেন্টভুক্ত আসামি, ইয়াবা, গ্রেফতার, প্রেস বিজ্ঞপ্তি, আদালত, দামুড়হুদা মডেল থানা
গ্রেফতার ব্যক্তিরা। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত নয়জন আসামি এবং ইয়াবাসহ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রাম থেকে লক্ষ্মীপুরগামী সড়কে নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: হেলাল (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মরহুম আবুস উদ্দিনের ছেলে।

অন্যদিকে, একই দিন ভোরে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আটজন ও নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মো: ইকরামুল, নুরুল ইসলাম, আলামিন, রাশিদুল, মামুন, মাফুজ, ইব্রাহিম, রিটু মন্ডল ও ঝন্টু মিয়া (৪২)। তাদের মধ্যে প্রথম আটজন ওয়ারেন্টভুক্ত ও ঝন্টু নিয়মিত মামলার আসামি।

দামুড়হুদা মডেল থানার ওসি মো: রাসেল বলেন, ‘গ্রেফতার ১০ জনকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’