সন্ত্রাসবিরোধী মামলা, ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মামলা, পুলিশ, গ্রেফতার, আগুন, ফায়ার সার্ভিস
মামলার আসামি দুই সাবেক এমপি। নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১০৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো: আমির হামজা শেরপুর থানায় এ মামলাটি করেন। 

এর আগে, গত সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বস্তাবোঝাই একটি ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সেই নাশকতার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে রয়েছে। এ ঘটনায় প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে পুলিশ। 

‎এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো: হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান, ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান শুভসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি চলন্ত ভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। পাশাপাশি নাশকতার ওই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

‎শেরপুর থানার ওসি মো: একরামুল হোসাইন বলেন, ‘সাবেক দুই এমপিসহ ১০৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা দুটি ধারা যুক্ত করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।