
ঝালকাঠির নলছিটিতে সুখি বেগম (৪৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো: হাসান হাওলাদারকে (২৮) বরিশাল থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার বরিশালের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো: মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সুখি বেগমের স্বামী মো: মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় গোশতের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গোশত বিক্রির পাঁচ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করেন। একপর্যায়ে সুখি বেগম দুর্বৃত্তদের চিনে ফেললে তার গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে টাকা নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের বাবা নলছিটি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে হাসান হাওলাদারকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেফতারের জন্য এসআরবি-৮ বরিশালের অধিনায়কের কাছে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে হাসান হাওলাদারকে গ্রেফতার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা নেয়া জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








