
জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের পুনর্বিচার চেয়ে ভারতের পক্ষ থেকে যে দাবি বা পরামর্শের কথা শোনা যাচ্ছে, বাংলাদেশের প্রচলিত আইনে তার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
তিনি ভারতের এমন দাবিকে ‘উদ্ভট’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
‘ডি নোভো ট্রায়াল’ বা পুনর্বিচার প্রসঙ্গে চিফ প্রসিকিউটরের বক্তব্য
ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘বিদেশী গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চায়, হাসিনার যে বিচার হয়েছে সেটির পুনর্বিচারের সুযোগ দেয়া হোক। আপিলের সুযোগ দেয়া হোক।’
এর পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম বলেন, ‘কোনো দেশ চায় আমাদের দেশে হাসিনার যে ট্রায়াল হয়ে গেছে, আবার আরেকটা ট্রায়াল। এটাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’, মানে আরেকবার বিচার। এই ডি নোভো ট্রায়াল বাংলাদেশে ছিল, ইন্ডিয়াতেও ছিল, পাকিস্তানেও ছিল। পরে তিন দেশের জুরিসডিকশনে ডি নোভো ট্রায়াল বাতিল করে দিয়েছে।’
ভারতের এমন অবস্থানের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘এখন যে দেশে (ভারত) তারা এটা চর্চা করেন না, আরেক দেশকে তারা ডি নোভো ট্রায়ালের জন্য অ্যাডভাইস করেন। সো, আমাদের এখানে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই। আছে আপিলের প্রভিশন। ভারত সরকার যে অ্যাডভাইস করছেন এখন, সেই ভারত তো এই মামলা ট্রায়াল প্রসিডিংসের শুরু থেকেই জানে সবকিছু। তাদের আশ্রয়-প্রশ্রয়ে আসামি আছেন। তো তখন তাদের এই অতিথিকে কেন অ্যাডভাইস করলেন না যে আপনি বাংলাদেশে যান, গিয়ে আপনি বিচারটা মোকাবিলা করেন। কেন বললেন না যে আপনি ইন টাইম গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন, এখন এসে আবার আমাদেরকে অ্যাডভাইস করছেন যে আপনি ডি নোভো ট্রায়াল করেন, অর্থাৎ পুনর্বিচার করেন। এই জাতীয় উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই।’
আপিলের সুযোগ এবং বিদ্যমান আইন
ভারতের চাওয়া অনুযায়ী শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ অবশিষ্ট আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের প্রণীত আইন। আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩ তৈরি করেছে। আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে। ২০১০ সালে তারা রুলস অব প্রসিডিউর প্রণয়ন করেছে। তারা এই আইন এবং রুলস অব প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগ পর্যন্ত এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে। আমরা তো কোনো আপিলের বিধানে আইন পরিবর্তন করিনি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








