
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং তার মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার ওই বাসায় প্রবেশ করেন মোবারক। একপর্যায়ে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনা দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকেও হত্যা করা হয়।
পরদিন মা-মেয়ের লাশ উদ্ধারের পর তাহমিনা বেগমের ভাই বাদি হয়ে মামলা করেন। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মোবারক হোসেনকে গ্রেফতার করে।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে চলতি বছরের ২০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া মোবারকের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও উপস্থাপন করা হয়।
অভিযোগ গঠনের মাত্র দুই মাস ১৫ দিনের মাথায় বিচারিক কার্যক্রম শেষ করে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








