
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় শিক্ষক আমানউল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এর আগে, বুধবার (২৮ অক্টোবর) যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সব সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানান। তবে আদালত তার এ আবেদন নাকচ করে দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে। একপর্যায়ে সে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








