
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে হবে। দেশে ফেরার ক্ষেত্রে এটিই তার জন্য সঠিক পন্থা বলে পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ পরামর্শ দেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে ফিরতে চান, তাহলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করা উচিত। আবেদনে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে হবে। তার ভাষায়, এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশ হাইকমিশন এ-সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে বলেও কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে ই-মেইলের সাথে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না বলে জানিয়েছে সূত্রটি।
ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী দণ্ডিত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেয়ার সুযোগ নেই। পাসপোর্ট আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে কোনো ব্যক্তি দণ্ডিত হলে এবং তার সাজা কমপক্ষে দুই বছর হলে কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট দিতে পারে না। এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করার বিধানও রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। ফলে তিনি দণ্ডিত হওয়ায় পাসপোর্ট কর্তৃপক্ষের তাকে পাসপোর্ট দেয়ার কোনো এখতিয়ার নেই।
চিফ প্রসিকিউটর আরো বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এড়িয়ে গেছেন। রায় প্রকাশের পরও তিনি কোনো আপিল করেননি। ফলে তার আপিল করার আর কোনো আইনগত সুযোগ নেই।
তিনি প্রশ্ন তুলে বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কীভাবে পাসপোর্ট দেবে? রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেয়া হলে তা বিচারের সাথে রাষ্ট্রের উপহাস করার শামিল হবে।
আইনের বিধান উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তির ন্যূনতম দুই বছর সাজা হলে তাকে পাসপোর্ট দেয়ার সুযোগ নেই। সুতরাং পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যের সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, কখনো শোনা যায়, তিনি হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়বেন। আবার কখনো বলা হয়, পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে দেশে ফিরবেন। এসব বক্তব্যে মিথ্যাভাবে অনুপ্রাণিত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অবুঝ বা নির্বোধ কর্মী বিভিন্ন জায়গায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছেন।
তিনি বলেন, একটি বিশেষ উদ্দেশ্যে শেখ হাসিনার নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপতৎপরতা চালানো হচ্ছে।
শেখ হাসিনার সত্যিকার অর্থে বাংলাদেশে ফেরার কোনো সদিচ্ছা নেই বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম। তার ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা থাকলে মামলা চলমান অবস্থায় তিনি দেশে এসে বিচারের মুখোমুখি হতেন। রায় প্রকাশের পর ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফিরে আপিল করার সুযোগও তার ছিল।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিন পার হলে আর আপিল গ্রহণযোগ্য হয় না। শেখ হাসিনার ক্ষেত্রে বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








