
চার বছর আগে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক পোশাককর্মীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের পর তাকে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো: ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান।
মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া চোরাই মোবাইল কেনার দায়ে সুজন নামে অপর এক আসামিকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এই মামলায় কারাগারে থাকা তিন আসামি ইউসুফ, ইকবাল ও মেহেদীকে আজ আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া আসামি সুজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মিরপুর-১ সনি সিনেমা হলের পেছনে লিবার্টি গার্মেন্টসে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন সায়মন। ২০২২ সালের ১১ অক্টোবর অফিস থেকে বেতন তুলে তিনি দুই সহকর্মী রিফাত হোসেন রাব্বি ও হৃদয় হাসানের সাথে নিয়ে কেনাকাটা করতে মিরপুর-১ এ যান।
কেনাকাটা শেষে রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা তিন ছিনতাইকারীর একজন আড়ং শপিং সেন্টারের সামনে সায়মনকে বলেন, তিনি নাকি তার ছোট ভাইকে মেরেছেন। ‘চল কথা আছে’ বলে সায়মান ও রিফাতকে ভয়ভীতি দেখিয়ে রূপায়ন টাওয়ারের সামনে থেকে রিকশায় করে দারুস সালাম থানার কোনাবাড়ি হয়ে কাঁচাবাজারের সামনে নিয়ে যাওয়া হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাঁচাবাজারের সামনে রিফাতকে নামিয়ে দেয়া হয় এবং সায়মনকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতর নিয়ে যাওয়া হয়।
সেখানে ধারালো অস্ত্রের মুখে টাকা ও মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করলে সায়মন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সায়মনের বাবা শাজাহান শেখ দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০২৩ সালের ৩১ জানুয়ারি দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহমেদ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। একই বছরের ২ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








