মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী
মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী। সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন।

Advertisement

গ্রেফতারের পাঁচ দিনের মাথায় সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।

এদিন বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে তার জামিনের শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে জামিনের আদেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাকে গ্রেফতারের পর এ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় সাতজনে।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার পর মামলাটি করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, একদল সশস্ত্র ব্যক্তি প্রকল্প এলাকায় ঢুকে গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তারা সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট ও গাড়ি ভাঙচুর করা হয়।

হামলায় সাইট ইঞ্জিনিয়ার মো: পারভেজসহ কয়েকজন আহত হন। এতে প্রতিষ্ঠানটির প্রায় এক কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং এক কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এর আগে, মামলার তিন আসামি মামুন, আসলাম ও মুন্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই সুব্রত দেবনাথ তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। ইউএনবি