
চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি সাংবাদিকদের জানান।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বেশ কিছু লোকজন আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং পুলিশের হামলার জন্য উসকানিমূলক বক্তব্য দেন ও ষড়যন্ত্র করেন। তারা অ্যাটেমড করেন এবং অ্যাবেটমেন্ট করেন। এসব অভিযোগে আমরা একটি ফরমাল চার্জ আজ দাখিল করেছি।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, এই ফরমাল চার্জের কিছু আসামি পলাতক থাকায় সবার নাম বলতে চাচ্ছি না। সূত্র : বাসস







