
তারল্য সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সঙ্কটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফি দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় ব্যাংকটির বিরুদ্ধে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (এসআইএসি) আনুষ্ঠানিক সালিশি মামলা দায়ের করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে যেকোনো মুহূর্তে ব্যাংকটির কোর ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা লাখ লাখ আমানতকারীকে ঠেলে দিতে পারে ভয়াবহ অনিশ্চয়তা ও বড় ধরনের বিপদের মুখে।
আন্তর্জাতিক সালিশি আদালতের (এসআইএসি) নথিপত্র অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার ‘টেমেনোস’-এর সরবরাহকারী সিঙ্গাপুরভিত্তিক এফডিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশী অংশীদার বি জি ইন্টারঅ্যাকটিভ লিমিটেড যৌথভাবে এই সালিশের আবেদন করেছে। মামলায় ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং সুইজারল্যান্ডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমেনোস হেডকোয়ার্টার্স এসএ-কে বিবাদী করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরের চুক্তি ভঙ্গের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয় (মামলা নম্বর এআরবি ৫১৬/২৬/এমএনএইচ এবং এআরবি ৫১৭/২৬/এমএনএইচ)। পরে গত ৫ নভেম্বর এসআইএসি সচিবালয় থেকে বিবাদীদের ১৪ দিনের মধ্যে লিখিত জবাব এবং ১৯ নভেম্বরের মধ্যে প্রাথমিক ব্যয় বাবদ ১০ হাজার সিঙ্গাপুর ডলার জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকের হিসাব সংরক্ষণ, শাখা পর্যায়ের লেনদেন, এটিএম বুথ, কার্ড সেবা, অনলাইন ব্যাংকিং এবং আন্তঃব্যাংক তহবিল স্থানান্তরের মতো প্রতিটি জরুরি সেবা কোর ব্যাংকিং সফটওয়্যারের ওপর নির্ভরশীল। কিন্তু অত্যন্ত দায়িত্বহীনভাবে ২০২৪ সাল থেকে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (এএমসি) ও সংশ্লিষ্ট কোনো ফি পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। সরবরাহকারী পক্ষ একাধিকবার তাগাদা দিলেও পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা কোনো কর্ণপাত করেনি। ফলস্বরূপ, এমনিতেই তারল্য সঙ্কটে থাকা ব্যাংকটিতে সফটওয়্যার জটিলতা দেখা দিলে গ্রাহকদের জমানো টাকা তোলার প্রক্রিয়া পুরোপুরি থমকে যেতে পারে এবং সাধারণ আমানতকারীদের পথে বসার উপক্রম হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন এলেও পরিস্থিতির কোনো স্থায়ী উন্নতি হয়নি। এর আগে আমানতকারীদের পাওনা অর্থ ফেরতের দাবিতে হাইকোর্টের রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তার উদ্যোগ নেয়। তবে সাধারণ মানুষের প্রশ্ন—কেন্দ্রীয় ব্যাংকের এমন নজিরবিহীন সহায়তার পরও ব্যাংকটি যদি তাদের দৈনন্দিন ও অপরিহার্য সফটওয়্যারের বিল পরিশোধে ইচ্ছাকৃতভাবে উদাসীনতা দেখায়, তবে লাখ লাখ আমানতকারীর কষ্টার্জিত অর্থের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকবে?
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








