বেসিক ব্যাংক
বেসিক ব্যাংক। সংগৃহীত

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য ক্রয়কৃত ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি।

Advertisement

আদালতের নির্দেশে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম শেষে ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা ব্যাংক কর্তৃপক্ষের কাছে ভবনটির দখল বুঝিয়ে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আইনানুগ প্রক্রিয়ায় এ কার্যক্রম সম্পন্ন হয়। 

এ সময় বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো: মোফাজ্জেল, উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভবনটির দখল বুঝে পাওয়ার পর ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে ব্যাংকের ক্রয়কৃত ভবনের দখল বুঝে পাওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ জন্য তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ভবনের অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হবে। এরপর সেখানে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে ব্যাংকের আর্থিক সাশ্রয় হবে।’

ব্যাংক সূত্রে জানা যায়, প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও ক্রয়ের লক্ষ্যে ২০১০ সালে জমির মালিক সিঙ্কু আকরামুজ্জামানের মালিকানাধীন নির্মাতা প্রতিষ্ঠান বিজনেস রিসোর্সেস লিমিটেডের সাথে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবন নির্মাণ শেষ করে ব্যবহার উপযোগী অবস্থায় মালিকানা দলিলসহ ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল।

চুক্তি অনুসারে ভবনটির নিচতলা থেকে ১২ তলা পর্যন্ত মোট ৫১ হাজার ৫০০ বর্গফুট জায়গা ব্যাংকের জন্য নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি হস্তান্তর না করায় ব্যাংক তার স্বার্থ ও আইনগত অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ও আদেশ ব্যাংকের পক্ষে আসে। বেসিক ব্যাংকের টাইটেল এক্সিকিউশন মামলা নম্বর ৬৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ স্বাক্ষরিত আদেশে ব্যাংকের অনুকূলে ভবনটির দখল প্রদানের নির্দেশ দেয়া হয়।

ওই আদেশের ভিত্তিতে আজ আদালতের প্রতিনিধিরা ভবনটির দখল ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বেসিক ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে ভবনটির দখল বুঝে পাওয়া ব্যাংকের সম্পদ ও স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে নিজস্ব সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পথ সুগম হয়েছে। পাশাপাশি ব্যাংকের সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্র : বাসস