সম্মিলিত ইসলামী ব্যাংক
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম একীভূত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নয়া দিগন্ত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন পাঁচটি ব্যাংকের পৃথক লিগ্যাল ডিভিশন ও ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশন একীভূত করে দুটি কেন্দ্রীয় বিভাগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে ব্যাংকটির প্রথম একীভূতকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Advertisement

এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পৃথক পাঁচটি লিগ্যাল ডিভিশন একীভূত করে একটি কেন্দ্রীয় লিগ্যাল ডিভিশন এবং পাঁচটি ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশন একীভূত করে একটি কেন্দ্রীয় ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে এসআইবিএল ইউনিটের প্রধান কার্যালয়ে একীভূত লিগ্যাল ডিভিশন ও ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশনের কার্যক্রম উদ্বোধন করেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

আরো পড়ুন—মুসলিম শাসনের সুখময় স্মৃতিচারণ, এখনো খেলাফতের স্বপ্ন দেখেন ইহুদি রাব্বি সোফার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবেদুর রহমান সিকদার এবং বাংলাদেশ ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার ফিরোজ হাসান। 

অনুষ্ঠানে চেয়ারম্যান কাজি শায়রুল হাসান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম এবং সর্বোচ্চ পরিশোধিত মূলধনের ব্যাংক। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টা, দক্ষ জনশক্তির সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। ব্যাংককে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবেদুর রহমান সিকদার বলেন, পাঁচটি ব্যাংকের ল ডিভিশন ও ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশন একটি ঐক্যবদ্ধ কাঠামোর আওতায় কাজ শুরু করেছে। পাঁচটি ব্যাংকের মধ্যে এই দুটি ডিভিশনের একীভূতকরণই সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম ইন্টিগ্রেশন কার্যক্রম। 

তিনি বলেন, বিনিয়োগ আদায় ও রিকভারি কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে লিগ্যাল ও ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশনে কর্মরত কর্মকর্তাদের ভূমিকা ও অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের আন্তরিকতা, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টাই ব্যাংকের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার ফিরোজ হাসান বলেন, ৫টি ব্যাংকের একীভূতকরণের বিষয়টি মোটেও সহজ ছিল না। চ্যালেঞ্জিং এ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। 

এ সময় পাঁচটি ব্যাংকের সংশ্লিষ্ট লিগ্যাল ডিভিশন ও ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশনের প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।