
কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কের এসব কার্যক্রমের কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। পাশাপাশি দ্রুত সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সাথে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য প্ল্যাটফর্ম-বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিপিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টসহ (আরটিজিএস) দেশের অন্যান্য পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও চলমান রয়েছে।
এই সময়ে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








