বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক সংগৃহীত

 

মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পর্যালোচনার জন্য নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো: মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। এ অবস্থায় আপাতত বিদ্যমান নীতি সুদহার বহাল রাখার সিদ্ধান্ত নেয় এমপিসি।

সভায় বলা হয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সঙ্ঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে। এর সাথে দেশে জ্বালানির দাম বৃদ্ধি ও নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

এসব পরিস্থিতির প্রভাব, বিশেষ করে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতির (সিপিআই) গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পর নীতি সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গত জুলাইয়ে নীতি সুদহার কমানোর পর এবার তা অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক।

সভায় ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহারসহ এমপিসির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস