
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বর্তমান রাজনৈতিক অবস্থান জানতে চেয়ে তার তিন মুরুব্বি—মিরপুরের মাদরাসা দারুর রাশাদের শিক্ষাসচিব ও নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর মাওলানা লিয়াকত আলী, গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর) এবং মামুনুল হকের বড় ভাই মাওলানা মাহফুজুল হকের কাছে চিঠি পাঠিয়েছিলেন প্রখ্যাত আলেম ও বক্তা মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। অবশেষে, মাওলানা ওলীপুরীর সেই চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছেন তারা।
রোববার (১৫ নভেম্বর) তিন মুরব্বির সাথে বৈঠক শেষে মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি প্রকাশ করেন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো—
‘অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা), হযরত মাওলানা লিয়াকত আলী ও হযরত মাওলানা মাহফুজুল হক এর পক্ষ থেকে হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব বরাবর প্রেরিত জবাবী পত্র
-------------------------------
বরাবর,
হযরত মাওলানা নুরুল ইসলাম অলীপুরী দামাত বারাকাতুহুম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বিষয়: প্রাপ্ত চিঠিতে উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে সরাসরি আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের আহ্বান।
মাওলানা মামুনুল হক ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও ভূমিকা এবং মাওলানা মামুনুল হক প্রদত্ত বিভিন্ন আলোচনা ও বক্তব্য সম্পর্কে আপনার পক্ষ থেকে কিছু অভিযোগ উল্লেখপূর্বক আমাদের নিকট পত্র প্রেরণ করা হয়েছে। আপনার প্রেরিত পত্রের বিষয়বস্তু নিয়ে আমরা তিনজন—পারস্পরিক আলোচনা করে (অধ্যক্ষ) মিজানুর রহমান চৌধুরী (দেওনা)-র মাধ্যমে আপনার সঙ্গে সরাসরি একত্রে বসে বিস্তারিত আলোচনা করার জন্য (মুফতী দ্বীন মুহাম্মাদ মারফত) আপনাকে আহ্বান জানিয়েছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, পারস্পরিক প্রশ্নোত্তর, বক্তব্য-ব্যাখ্যার মাধ্যমে উত্থাপিত বিষয়গুলোর প্রকৃত অবস্থা পরিষ্কার হবে এবং ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসনের সুযোগ সৃষ্টি হবে।
কিন্তু আমাদের সেই আহবানে সাড়া না দিয়ে একটি খোলা চিঠির মাধ্যমে বিষয়টি সর্বসাধারণের সামনে উপস্থাপন করা হয়েছে।
আমরা মনে করি, এ ধরনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ের সমাধান কেবল চিঠি আদান-প্রদানের মাধ্যমে সম্ভব নয়, বরং সরাসরি উপস্থিতিতে পারস্পরিক প্রশ্নোত্তর এবং খোলামেলা আলোচনার মাধ্যমেই বিষয়গুলোর সুরাহা হতে পারে।
আমরা এখনো মনে করি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রেখে সরাসরি আলোচনায় বসাই এ বিষয়ে সমাধানে পৌঁছার সর্বোত্তম পথ। সে জন্য আপনার প্রতি আমাদের আহ্বান, আপনি আমাদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ গ্রহণ করুন।
পরিশেষে, যেহেতু আপনার পক্ষ থেকে বিষয়টি খোলা চিঠির মাধ্যমে সর্বসাধারণের সামনে উপস্থাপন করা হয়েছে, তাই প্রকৃত অবস্থা অবহিত করার স্বার্থে আপনার নিকট প্রেরিত এই পত্রটিও আমরা সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আশা করি, আপনি আমাদের এই বক্তব্য ও আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তিতে সহযোগিতা করবেন।
ওয়াসসালাম।
(অধ্যক্ষ) মিজানুর রহমান (দেওনা)
(মাওলানা) লিয়াকত আলী
(মাওলানা) মাহফুজুল হক’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








