
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে অপহরণ করে নির্যাতন এবং রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
এ ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আগামীকাল বুধবার দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘কোনো নাগরিককে রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতন করে রড দিয়ে হাত-পা ভেঙে দেয়া সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে বুধবার দেশের সব আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করবেন। প্রয়োজনে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ছাত্র-জনতাও রাজপথে নামবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ল’ইয়ার্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন অভিযোগ করেন, সোমবার সুপ্রিম কোর্টে নিজের চেম্বারের কাজ শেষে বাসায় ফেরার পথে অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। পরে তাকে আজিমপুরে যুবদল নেতা নয়নের নিয়ন্ত্রণাধীন একটি স্থানে নিয়ে ১০ থেকে ১৫ জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ‘কাউকে তুলে নিয়ে নির্যাতন করা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের মতো বিএনপি বা তাদের সহযোগী সংগঠনের কেউ একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তারাও ফ্যাসিবাদী আচরণের দায় এড়াতে পারবে না।’
সমাবেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেন, ‘অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জু কোনো অপরাধ করে থাকলে প্রচলিত আইনে তার বিচার হতে পারে। কিন্তু কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে হাত-পা ভেঙে দেয়া সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।’ জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: ইউসুফ আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো: সাইফুর রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট পারভেজ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট মো: আব্দুল হক, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ভূঁইয়া, অ্যাডভোকেট মাহবুবা আক্তার রুবি, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট ইসমত জাহান, অ্যাডভোকেট মীর নুর নবী উজ্জল, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাডভোকেট হিমেলসহ অন্যরা। এছাড়া বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখার সদস্য এবং সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








