
রাজধানীর বারিধারায় বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা ও মতবিনিময় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ইন্ট্রো কনভেনশন সেন্টারে বসুন্ধরা সাংগঠনিক থানা (৪০ নম্বর ওয়ার্ড) ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এ আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা সাংগঠনিক থানা আমির ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আবুল বাসারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো: নাজিম উদ্দিন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপসংস্কৃতি ব্যক্তি ও পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে বিপথগামী করে তোলে। একটি সুষ্ঠু ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তুলতে হলে কুরআন ও ইলমের চর্চা এবং সুনাগরিক তৈরির কাজে অর্থ ব্যয় করতে হবে। সমাজ বিনির্মাণে আমাদের বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকে না, সেখানে ন্যায়বিচার ব্যাহত হয়। দুর্নীতি ও বিভিন্ন অপরাধের প্রবণতা বৃদ্ধি পায়। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম কখনো সহজ নয়। এ জন্য ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপির জীবনযাপন ও দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ডা: শফিকুর রহমান সংসদ থেকে প্রাপ্ত অর্থ প্রত্যেক মাসে একটি কওমি মাদরাসায় দান করে দেন। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। পার্লামেন্টের ৩০০ জন সদস্য যদি নীতি নৈতিকতার চর্চা করতেন, তাহলে দেশের চিত্র অনেকটাই বদলে যেত।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এমন নাগরিক তৈরি করতে চাই, যারা আল্লাহর ভয়, নৈতিকতা ও সততার ভিত্তিতে জীবন পরিচালনা করবেন। আমরা সমাজ পরিবর্তনের লক্ষ্যেই কাজ করছি। আমাদের তৈরি করা লোকেরা যেখানেই দায়িত্ব পালন করছেন, সেখানেই সততা ও দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর ক্ষমতায় এসে বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেয়ার কথা থাকলেও বিএনপি সরকার তা করেনি।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সততা ও স্বচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার মতো কেউ নেই। আমরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে আমাদের অঙ্গীকার ও অবস্থানের প্রমাণ দিতে চাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক বারাকাত গাজী, কর্মপরিষদ সদস্য আনোয়ারুল হক মোল্লা, অফিস সম্পাদক নাসির উদ্দিন তারেক, সমাজকল্যাণ সম্পাদক এস এম মোবারক হোসাইন মজলিসে শূরা সদস্য মো: কাইয়ুম উদ্দিন, বিশিষ্ট ব্যয়বসায়ীসহ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








