জামায়াত, ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্য রাখেন দলের আমির ডা: শফিকুর রহমান। নয়া দিগন্ত

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। 

Advertisement

তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাতি দেখতে চায়, এদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।’

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা: শফিকুর রহমান বলেন, ‘দেশের কোনো কোনো জায়গায় যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব ঘটনা নিয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে তাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখবেন তারা। কোনো অন্যায়ের সাথে আপস করবেন না।’

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায় উল্লেখ করে ডা: শফিকুর রহমান বলেন, ‘জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে নোটিশ দেয়া হয়েছে। এসব বিষয়ে সংসদে জবাব না পাওয়া গেলে জনগণের আদালতে কথা বলতে হবে। এজন্য দলের দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির খেদমতে প্রস্তুতি নিতে হবে।’ 

তিনি বলেন, ‘দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একইসাথে জামায়াতও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতা বাড়াতে হবে।’

বৈঠকটি সঞ্চালনা করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। 

বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।