
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিরপুর-১৩ প্রদক্ষিণ করে পুনরায় মিরপুর-১০ গোলচত্বরে এসে শেষ হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে এবং সেক্রেটারি কবিরুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ।
শাখা সভাপতি মুহিব্বুল্লাহ বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য বর্তমান সরকারের প্রশাসন সরাসরি দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। অনেক জায়গায় আপসের গন্ধ পাওয়া যাচ্ছে। সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আবারো সুযোগ করে দিতে চায়।’
তিনি আরো বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নেয়ার পরিবর্তে দিন দিন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। ক্ষমতা ও জনতার মধ্যে ভারসাম্য রক্ষার পরিবর্তে সালাউদ্দীন সাহেব ক্ষমতার অপব্যবহারকেই প্রাধান্য দিচ্ছেন। ক্ষমতা ও জনতার এই সমীকরণে জনতার পক্ষে কথা বলার আহ্বান জানাচ্ছি।’
প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ যতটা দায়ী, তার চেয়ে এসব ঘটনার প্রতিরোধে প্রশাসনের দায়বদ্ধতা আরো বেশি। এ ক্ষেত্রে প্রশাসনকে আমরা সরাসরি ব্যর্থ বলে মনে করি।’
তিনি আরো বলেন, “শেখ হাসিনা ভারতের সীমান্ত দিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তাকে সাদরে গ্রহণ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বর্তমান সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সন্ত্রাসীদের দমনে আরো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে। এর মানে কি এটা বোঝা যায় না যে, আপনারা তাদের সাথে লিখিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসেছেন! সরকার আওয়ামী সন্ত্রাসীদের দমন করতে না পারলে দায়িত্ব ছেড়ে জনগণের কাতারে শামিল হোন। দায়িত্বে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হামলায় সাধারণ নাগরিকদের আহত হওয়ার ঘটনা অব্যাহত থাকলে আজ আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে করা মিছিল আগামী দিনে ‘বিএনপি সরকার হটাও’ মিছিলে রূপান্তরিত হবে। আমরা সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করছি।”
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








