
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাবেক আমির, ঢাকা মহানগরীর লালবাগ ও কোতোয়ালি থানার দায়িত্বশীল এবং টিপনা আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নজরুল ইসলাম শামীম (৭৬) ৩০ অক্টোবর শুক্রবার রাত ১২টার পর ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।
শোকবাণী
মাওলানা নজরুল ইসলাম শামীমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৩০ অক্টোবর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা নজরুল ইসলাম শামীম (রাহিমাহুল্লাহ) ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ পরবর্তী সময়ে ঢাকা মহানগরীর লালবাগ (১৯৮২-১৯৮৫) ও কোতোয়ালি থানা (১৯৮৬-১৯৮৭) এবং খুলনার ডুমুরিয়া থানায় (১৯৯২-২০১১) দায়িত্বশীল হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। খুলনার ডুমুরিয়ায় ইসলামী আন্দোলনের কাজ প্রতিষ্ঠার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম এবং আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








