জামায়াতে ইসলামী
নিউমার্কেট থানা জামায়াত নেতা লুৎফুল্লাহ মাজেদের ইন্তেকাল। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য ও বিএম সেক্রেটারি, ইসলামী ব্যাংক কর্মকর্তা লুৎফুল্লাহ মাজেদ (৪৫) শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

Advertisement

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, আমীন। একই সাথে শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। মরহুমের জানাজা শুক্রবার বাদ এশা কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামীকাল শনিবার ১১-দলীয় ঐক্যের আহ্বানে অনুষ্ঠিতব্য ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ সফল করতে জনমত সৃষ্টির লক্ষ্যে নিউমার্কেট থানা জামায়াতে ইসলামী আয়োজিত মিছিলে লুৎফুল্লাহ মাজেদ স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।