
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবরে পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দৃশ্য স্মরণ করলে এখনো শিউরে উঠে মানুষের শরীর, বাকরুদ্ধ হয় বিবেক। পৈশাচিক ও অমানবিকভাবে মানুষ হত্যার দৃশ্য এখনো কাঁদায় সকলকে। বিশ্বমানবতা শতাব্দীর পর শতাব্দী খুনিদের প্রতি ঘৃণা ও অভিশাপ দিতে থাকবে। ২৮ অক্টোবর আওয়ামী জঙ্গিপনার এক রক্তাক্ত দলিল হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।’
বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ টাঙ্গাইল জেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মো: বোরহানুল ইসলাম।
২৮ অক্টোবরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করে দোষীদের আইনের আাওতায় নিয়ে আসতে হবে।’
সকল স্তরে যুব সংগঠন মজবুত ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুগে যুগে যুবকরা যেভাবে সকল অন্যায়ের মোকাবেলায় এগিয়ে ছিল, ভবিষ্যতেও যুবকরা এই দেশ বিনির্মাণে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করবে।’
সর্বোপরি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আহছান হাবিব মাসুদ এবং আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








