নূরুল ইসলাম বুলবুল, শাহে আলম
প্রস্তাবনা নিয়ে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সাক্ষাৎ করেন মো: নূরুল ইসলাম বুলবুল। নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুল। 

Advertisement

সোমবার (১৯ অক্টোবর) নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

সাক্ষাৎকালে নূরুল ইসলাম বুলবুল পৃথক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা পাওয়ার বাস্তব চিত্র ব্যাখ্যা করেন।

এ সংসদ সদস্য বলেন, ‘পৃথক উপজেলা গঠিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি অনেকাংশে কমবে। প্রশাসনিক সেবা মানুষের আরো কাছে পৌঁছাবে। পাশাপাশি শিক্ষা, আধুনিক চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজলভ্য হবে। কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এ সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক নির্বাচনী সমাবেশে চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি এ প্রস্তাব দিয়েছেন।

সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান নূরুল ইসলাম বুলবুল। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলজিডি মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।