সৈয়দ জয়নুল আবেদীন এমপি
সরকারি অনুদান চেক তুলে দিচ্ছেন সৈয়দ জয়নুল আবেদীন এমপি। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং সরকারি হিসাব ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে কোনো দুর্নীতি, অনিয়ম কিংবা দলীয়করণ হয় না। 

Advertisement

জামায়াতে ইসলামী বৈষম্যহীন মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সকল মানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা দিতে হবে। রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ চলবে না। 

রোববার (১৮ অক্টোবর) রাতে জুরাইন দোলাইরপাড়ে ঢাকা-৪ সংসদীয় এলাকার গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
এ সময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, আমরা নানামুখী চেষ্টা করছি যারা বেকার, অসহায়, দরিদ্র তাদের সাবলম্বী করে তুলতে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই ৪ দফা কর্মসূচির ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। তার মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। তাই জামায়াতে ইসলামীর নেতৃত্ব জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে রাষ্ট্রীয় বরাদ্দের পাশাপাশি দলীয় অর্থায়নেও সমাজের জন্য ব্যাপক ভিত্তিক কাজ করে থাকে। যেই সমাজে জামায়াতে ইসলামী নেতৃত্ব দিচ্ছে, সেই সমাজ অন্যদের চেয়ে সবসময় এগিয়ে থাকে। ঢাকা-৪ সংসদীয় এলাকাকে এগিয়ে নিতে সংসদের মতোই ওয়ার্ড কাউন্সিলরও জামায়াতে ইসলামীর নেতৃত্ব থেকে নির্বাচিত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে এবং কাউন্সিলর পদপ্রার্থী আসাদুল্লাহ গালিব শেখের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা জাকির হোসাইনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে সুবিধাভোগী ২৫ পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।