
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সিটি করপোরেশনের ব্যর্থতায় নগরবাসী ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সব সিটি করপোরেশন এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় অযোগ্য ও অদক্ষ নেতাদের প্রশাসক নিয়োগ দিয়ে সরকারের দলীয়করণের মাশুল জনগণকে দিতে হচ্ছে।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সারাদেশে কোথাও ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। এ কারণে জামায়াতে ইসলামী মশক নিধন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করছে। এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ ছাড়া কিছুই করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। সরকারের ব্যর্থতায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশ পরিচালিত হলে দেশের জনগণ উপকৃত হবে। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং প্রতিটি ওয়ার্ড থেকে দুর্নীতিমুক্ত, সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান ও শাহজাহানপুর থানা সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন চঞ্চল।
এ ছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন মো: শফিক মোল্লা, সোহেল প্রমুখ।
উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানা কর্মপরিষদ সদস্য আব্দুল খালেক, শাহাদাত হোসেন ও আবু তাহের প্রমুখ।
সভা শেষে শাহজাহানপুর ঝিল মসজিদ এলাকা থেকে বিভিন্ন অলিগলিতে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করেন সাদিক কায়েম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








