
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক সম্মেলনটি বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
এতে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ৮ অক্টোবর তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা: শফিকুর রহমান ৯ অক্টোবর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর ১০ অক্টোবর রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ১১ অক্টোবর সকালে তার দেশে পৌঁছার কথা রয়েছে।
এর আগে, ঢাকা ত্যাগের সময় জামায়াতে ইসলামীর আমিরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








