জামায়াত, লংমার্চ
জামায়াতের লোগো। নয়া দিগন্ত

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

Advertisement

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ শেষে কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত এ লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে- গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে লংমার্চ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং তা সফলভাবে বাস্তবায়নে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। কর্মসূচি সামনে রেখে প্রস্তুতিসভা, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ এবং প্রশাসনের সাথে যোগাযোগের ওপর গুরুত্ব দেয়া হয়।

এ ছাড়া ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একইসাথে লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ এমপি, মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, কামাল হোসেন এমপিসহ অন্যরা।