বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে দলটি।

Advertisement

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান গত ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্যান্য যাত্রীর মতো হয়রানি ও ভোগান্তির শিকার হন বলে দাবি করেন তিনি। এর প্রতিবাদে আখতারুজ্জামান ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিয়া গোলাম পরওয়ারের দাবি, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্তের কথা জানিয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা এবং পরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে’ মামলা দায়ের ও আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিবৃতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেন জামায়াতের এই নেতা। তার দাবি, যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানোর মতো ঘটনায় দীর্ঘদিন ধরে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদেরও অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হয় বলে তিনি উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার যাত্রীদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। একই সাথে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।