
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার মোহাম্মদপুর দাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, হাফেজদের নিয়ে বৃহৎ পরিসরে একটি প্রতিযোগিতার আয়োজন চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা এই নগরকে সুন্দরভাবে সাজাতে চাই। আমরা এই নগরকে মাদকমুক্ত করতে চাই, চাঁদাবাজমুক্ত করতে চাই, সন্ত্রাসমুক্ত করতে চাই। আর এজন্য দরকার সৎ মানুষের। এই সৎ মানুষ যদি আগামীর নেতৃত্বের আসনে আসে, তাহলে এই সমাজটা পাল্টে যাবে।’
ড. মুহাম্মদ রেজাউল করিম শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে ভালো মানুষ হওয়ার এবং নিজেদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়।









