জুলাই সনদ বাস্তবায়ন না করে ফ্যাসিস্টের পথে হাঁটছে বিএনপি : এ টি এম আজহার এমপি
রংপুর লংমার্চ সফল করতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি : নয়া দিগন্ত

বগুড়া অফিস 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন  না করে  ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটা শুরু করেছে বিএনপি । এভাবে জনগণের দাবি উপেক্ষা করলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। গত আওয়ামী লীগ পালানোর জায়গা পেলেও বিএনপি কোথায় যাবে জানি না। তিনি বলেন, জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে বিএনপি তিস্তা মহাপরিকল্পনা  বাস্তবায়নের  ওয়াদা করেছে। কিন্তু এখন শুনতে পাচ্ছি  কোনো একটি দেশের ভয়ে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে গড়িমসি করছে। গতকাল বুধবার দুপুরে  বগুড়ার একটি মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত  প্রেসব্রিফিংয়ে তিনি একথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে দ্রুত রায় কার্যকর, জ্বালানি ও সার সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সবখানে দলীয়করণ ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধের দাবিতে আগামী  ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের উপস্থাপনায় প্রেসব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, অধ্যাপক আব্দুল হালিম বেগ, বগুড়া মহানগরী সেক্রেটারি এবং জামায়াত সমর্থিত আসন্ন  বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক মুন্সি আব্দা, এলডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার এম এম এ মাহমুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাহফুজুল হক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, নূর মোহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ ইকবাল হোসেনসহ জামায়াত ও ১১ দলীয় জোটের জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ টি এম আজহারুল ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, সরকার সংসদে সংখ্যাগরিষ্টতার জোরে ৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন-হাদিসের পরিপন্থী আইন পাস করে জনরোষের কবলে পড়েছে। আমরা সরকাকে পরামর্শ দিয়েছিলাম দেশের হক্কানি আলেম ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলে তারপর আইন পাস করুন। সরকার সব কিছু উপেক্ষা করেছে। তারা ভোটের আগে ওয়াদা করেছিল কুরআন-হাদিস পরিপন্থী কোনো আইন  পাস করবে না। মদিনার ইসলাম কায়েম করার কথা বলে ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধেই প্রথম আইন পাস করেছে। এটাকেই বলে ধর্ম নিয়ে রাজনীতি করা।
তিনি  লং মার্চ কর্মসূচি সফলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,  ঢাকা থেকে শুরু হওয়া রংপুরগামী এই লংমার্চ বগুড়ার মাটিডালী বিমানমোড়ে ১৯ সেপ্টেবর বেলা ৩টায় সমাবেশে মিলিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি । বিশেষ অতিথি থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি,  বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব:) অলি আহমদ বীরবিক্রম।