
নিজস্ব প্রতিবেদক
আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর থানা দায়িত্বশীল, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লংমার্চের উদ্বোধনী জনসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও কর্মবণ্টন করা হয়। একইসাথে এলাকাবাসীকে জনসভায় যোগ দেয়ার আহ্বান জানানো হয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু: আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো: হেমায়েত হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ (হাতিরঝিল-তেজগাঁও-শেরেবাংলা নগর আংশিক) আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
সভায় জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ঢাকা-১২ আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সভায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং দায়িত্ব বণ্টন করা হয়। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের ঘোষিত ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিরা।







