
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মূলধন সঙ্কট কাটাতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকার শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তার মতে, সরকারের কাছে নতুন শেয়ার বিক্রি করে ব্যাংকটির মালিকানা রাষ্ট্রের হাতে তুলে দেয়া সঠিক সমাধান নয়। বরং ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন বিদেশী বিনিয়োগকারী ও মূল উদ্যোক্তাদের ফিরিয়ে এনে মূলধন বাড়ানোর উদ্যোগ নেয়া উচিত।
তিনি মনে করেন, ইসলামী ব্যাংকের বর্তমান সঙ্কটের সমাধান করতে হলে প্রথমে অতীতের অনিয়ম, শেয়ার মালিকানা পরিবর্তন এবং অর্থ আত্মসাতের অভিযোগগুলোর সুরাহা করতে হবে। পাশাপাশি প্রকৃত বিনিয়োগকারীদের অধিকার ফিরিয়ে দেয়া এবং আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধার জরুরি।
ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ মালিকানা, মূলধন সঙ্কট এবং ব্যাংকটির পুনর্গঠন নিয়ে তার অবস্থান জানতে সাক্ষাৎকারটি নেয়া হয়েছে।
প্রশ্ন : ইসলামী ব্যাংকের মূলধন সঙ্কট কাটাতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকার সহায়তা চাওয়ার বিষয়টি সামনে এসেছে। এ উদ্যোগকে আপনি ভুল পরিকল্পনা বলছেন কেন?
শিশির মনির : ইসলামী ব্যাংকের মূলধন বাড়ানোর প্রয়োজনীয়তা থাকতে পারে। কিন্তু সেই মূলধন সংগ্রহের জন্য সরকারের কাছে নতুন শেয়ার বিক্রি করা সঠিক পদ্ধতি বলে আমি মনে করি না। কারণ, এর ফলে ব্যাংকটির মালিকানা কাঠামোয় মৌলিক পরিবর্তন আসবে। সরকার ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করলে বিপুলসংখ্যক নতুন শেয়ারের মালিক হবে। এতে ব্যাংকটির প্রায় ৭৮ দশমিক আট শতাংশ মালিকানা রাষ্ট্রের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একটি সফল বেসরকারি ব্যাংককে এভাবে কার্যত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া কোনো টেকসই সমাধান নয়। আমার বক্তব্য পরিষ্কার—মূলধন বাড়াতে হলে ব্যাংকটির প্রকৃত ও প্রতিষ্ঠাকালীন বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে হবে। তাদের সাথে আলোচনা করতে হবে। তারাই ব্যাংকটির সাথে ঐতিহাসিকভাবে যুক্ত ছিলেন।
প্রশ্ন : আপনি প্রতিষ্ঠাকালীন বিদেশী বিনিয়োগকারীদের ফিরিয়ে আনার কথা বলেছেন। কারা ছিলেন সেই বিনিয়োগকারী?
শিশির মনির : ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা ও বিকাশের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান যুক্ত ছিল। এর মধ্যে রয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি, সৌদি আরবের আল রাজি গ্রুপ, কুয়েত ফাইন্যান্স হাউস, বাহরাইন ইসলামিক ব্যাংক এবং ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো।
এসব প্রতিষ্ঠান শুধু বিনিয়োগকারী ছিল না; ইসলামী ব্যাংকিংয়ের আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠায় তাদের ভূমিকা ছিল। ব্যাংকটির যে আন্তর্জাতিক পরিচিতি তৈরি হয়েছিল, তার পেছনে এসব প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ।
প্রশ্ন : অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকটির মূল উদ্যোক্তা ও বিদেশী বিনিয়োগকারীদের সরিয়ে দেয়া হয়েছিল। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
শিশির মনির : এ বিষয়ে অভিযোগগুলো গুরুত্বের সাথে তদন্ত করা প্রয়োজন। কোনো বিনিয়োগকারীকে যদি রাজনৈতিক চাপ, ভয়ভীতি কিংবা অন্য কোনো অনৈতিক পন্থায় তার শেয়ার ছাড়তে বাধ্য করা হয়ে থাকে, তাহলে সেটি শুধু একটি ব্যাংকের মালিকানা পরিবর্তনের ঘটনা নয়; এটি বিনিয়োগকারীর অধিকার ও আইনের শাসনের প্রশ্ন।
যেসব শেয়ার হস্তান্তর নিয়ে প্রশ্ন রয়েছে, সেগুলোর বৈধতা যাচাই করতে হবে। কারা কীভাবে শেয়ার পেয়েছেন, কী প্রক্রিয়ায় মালিকানা পরিবর্তন হয়েছে, কোথাও জবরদস্তি বা অনিয়ম ছিল কি না—এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রতিকার নিশ্চিত করতে হবে।
প্রশ্ন : প্রতিষ্ঠাকালীন বিদেশী বিনিয়োগকারীদের ফিরিয়ে আনা কি বাস্তবে সম্ভব?
শিশির মনির : কেন সম্ভব হবে না? তাদের সাথে যোগাযোগ করতে হবে। তাদের সামনে ব্যাংকটির বর্তমান পরিস্থিতি তুলে ধরতে হবে। অতীতে তাদের সাথে যে আচরণ করা হয়েছে, সে বিষয়ে রাষ্ট্র ও ব্যাংক কর্তৃপক্ষের অবস্থান পরিষ্কার করতে হবে।
প্রকৃত বিনিয়োগকারীরা যদি দেখেন যে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ রয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরছে এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তাহলে তাদের আগ্রহ তৈরি হতে পারে। তবে এটি আলোচনার বিষয়। তাদের আগ্রহ, বিনিয়োগ সক্ষমতা এবং আইনি অবস্থান যাচাই না করে কোনো নিশ্চয়তা দেয়া যাবে না।
প্রশ্ন : বিদেশী বিনিয়োগকারীরা ফিরে এলে ব্যাংকটির কী ধরনের উপকার হতে পারে?
শিশির মনির : প্রথমত, মূলধন সংগ্রহের একটি বিকল্প পথ তৈরি হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ব্যাংকটির ওপর বিদেশী আর্থিক প্রতিষ্ঠানের আস্থা পুনর্গঠনে সহায়তা করতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক মানের অডিট, কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।
এখানে শুধু অর্থের প্রশ্ন নয়, সুশাসনের প্রশ্নও রয়েছে। একটি ব্যাংকের শক্তি তার মূলধনের পাশাপাশি ব্যবস্থাপনার স্বচ্ছতা, আমানতকারীদের আস্থা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর নির্ভর করে।
প্রশ্ন : সরকারের কাছে ছয় হাজার কোটি টাকার সহায়তা নেয়ার বিরোধিতা করছেন। তাহলে ব্যাংকটির বিপুল মূলধন ও প্রভিশন ঘাটতি কীভাবে পূরণ করা সম্ভব?
শিশির মনির : প্রথমে জানতে হবে, এই ঘাটতি কেন তৈরি হয়েছে। ব্যাংকটির আর্থিক সঙ্কটের পেছনে যদি অনিয়ম, বেনামি ঋণ, প্রভাব খাটিয়ে ঋণ বিতরণ কিংবা অর্থ আত্মসাতের ঘটনা থেকে থাকে, তাহলে সেগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
যারা ব্যাংকটির ক্ষতি করেছেন, তাদের কাছ থেকে অর্থ উদ্ধারের উদ্যোগ নিতে হবে। ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যেসব সম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যাবে, সেগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।
শুধু নতুন মূলধন ঢেলে দিলে পুরোনো অনিয়মের দায় মুছে যায় না। বরং জবাবদিহি ছাড়া রাষ্ট্রীয় অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে অন্য ব্যাংকের ক্ষেত্রেও ভুল দৃষ্টান্ত তৈরি হতে পারে।
প্রশ্ন : সরকারের নিয়ন্ত্রণে গেলে ইসলামী ব্যাংকের কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে?
শিশির মনির : রাষ্ট্রের দায়িত্ব ব্যাংকিং খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। কিন্তু তার অর্থ এই নয় যে প্রতিটি সঙ্কটাপন্ন বেসরকারি ব্যাংকের মালিকানা রাষ্ট্রের হাতে তুলে দিতে হবে।
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে গেলে ব্যাংকের ব্যবস্থাপনায় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের ঝুঁকি তৈরি হতে পারে। সিদ্ধান্ত গ্রহণে পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে। তবে বিষয়টি শুধু সরকারি বা বেসরকারি মালিকানার বিতর্ক নয়; মূল বিষয় হলো মালিকানা ও ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা।
প্রশ্ন : ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে সরকারের করণীয় কী হওয়া উচিত?
শিশির মনির : সরকারের উচিত তড়িঘড়ি করে মালিকানা পরিবর্তনের সিদ্ধান্ত না নেয়া। প্রথমে ব্যাংকটির প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করতে হবে। অতীতের শেয়ার হস্তান্তর ও ঋণ অনিয়ম তদন্ত করতে হবে। মূল বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের ফিরিয়ে আনার সম্ভাবনা যাচাই করতে হবে।
একইসাথে ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। ব্যাংকটির আর্থিক পুনর্গঠন হতে হবে স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ায়। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দিয়ে কিংবা জনগণের অর্থ দিয়ে অতীতের অনিয়মের বোঝা চাপিয়ে দেয়া উচিত হবে না।
প্রশ্ন : আপনার প্রস্তাব বাস্তবায়িত হলে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ কীভাবে বদলাতে পারে?
শিশির মনির : আমি মনে করি, ইসলামী ব্যাংককে তার মূল ভিত্তিতে ফিরিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। এটি একটি বড় প্রতিষ্ঠান। এর সাথে বিপুলসংখ্যক গ্রাহক, আমানতকারী, উদ্যোক্তা এবং প্রবাসী আয়ের সম্পর্ক রয়েছে। তাই এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করে।
প্রতিষ্ঠাকালীন বিনিয়োগকারীদের ফিরিয়ে আনা, ব্যাংকের সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, অনিয়মের বিচার এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা—এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। সরকারের কাছে শেয়ার বিক্রি করে মালিকানা বদলে দেয়াকে একমাত্র সমাধান হিসেবে দেখা উচিত নয়।
প্রশ্ন : শেষ পর্যন্ত ইসলামী ব্যাংক রক্ষায় আপনার মূল বার্তা কী?
শিশির মনির : ইসলামী ব্যাংকের মূলধন বাড়াতে হবে, কিন্তু সেই কাজ করতে গিয়ে ব্যাংকটির মালিকানা কাঠামো অপ্রয়োজনীয়ভাবে বদলে ফেলা উচিত নয়। মূল বিনিয়োগকারীদের ডেকে আনুন। তাদের সাথে আলোচনা করুন। অতীতে যাদের অন্যায়ভাবে সরিয়ে দেয়া হয়ে থাকলে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করুন। একইসাথে যারা ব্যাংকটির ক্ষতি করেছে, তাদের জবাবদিহির আওতায় আনুন।
আমার বক্তব্য হলো, ইসলামী ব্যাংককে বাঁচানোর জন্য এর প্রতিষ্ঠাকালীন বিনিয়োগকারী ও মূল উদ্যোক্তাদের ফিরিয়ে আনার উদ্যোগই হওয়া উচিত প্রথম পদক্ষেপ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








