মক্কা শরিফ, বিশ্ব, সর্বোচ্চ, জাদুঘর,  উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্র,
পবিত্র মক্কা শরিফে অবস্থিত ক্লক টাওয়ার। গালফ নিউজ

সৌদি আরবের পবিত্র মক্কা শরিফে অবস্থিত ক্লক টাওয়ারে যুক্ত হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি নতুন স্বীকৃতি। ভবনটির ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্লক টাওয়ার মিউজিয়াম এখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনভিত্তিক জাদুঘর। আর টাওয়ারের ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় থাকা উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্রটি বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণকেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Advertisement

দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ বুধবার (১৮ নভেম্বর) এ খবর জানায়। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন মঙ্গলবার এ স্বীকৃতির কথা ঘোষণা করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, রেকর্ড দুটি অর্জিত হয়েছে ২০২৬ সালের ৫ জানুয়ারি। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির খবর জানায় ১৭ নভেম্বর।

জাদুঘর ও পর্যবেক্ষণকেন্দ্র দুটি মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সে অবস্থিত। কমপ্লেক্সটি থেকে ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারাম দেখা যায়।

রয়্যাল কমিশন জানিয়েছে, পবিত্র নগরী মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়ন, বাসিন্দা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং লাখ লাখ হজযাত্রীর অভিজ্ঞতা উন্নত করার প্রচেষ্টার অংশ এই অর্জন। পাশাপাশি নগরীর ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য তুলে ধরা এবং বিশ্বের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে মক্কার অবস্থান আরো জোরালো করাও কমিশনের লক্ষ্য।