
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। ১৮ থেকে ১৯ নভেম্বর পুতিনের চীনের শেনজেন শহর সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে এই বৈঠকটি।
সোমবার (১৬ নভেম্বর) ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন চীন সফর করবেন।
উশাকভ বলেন, ‘এটিই প্রথম এই ধরনের বৈঠক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের তিন দেশের পারস্পরিক বোঝাপড়া ও মিত্রতার বিষয়টি মাথায় রেখে এবং জাতিসঙ্ঘ গঠনে আমাদের দেশগুলোর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে এই বৈঠকের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বৈঠকের তাৎপর্য ও প্রতীকী গুরুত্ব অপরিসীম।’
তিনি জানান, বৈঠকটি চীনা নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচি নির্ধারণের প্রস্তুতি চলছে।
ক্রেমলিন আশা করছে, এই আলোচনার শেষে একটি যৌথ ইশতেহার প্রকাশিত হবে। উশাকভের ভাষায়, এই ইশতেহারের খসড়া নিয়ে বর্তমানে ‘কঠিন কূটনৈতিক আলোচনা’ চলছে।
তিনি জানান, যদি নেতারা কোনো যৌথ নথিতে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন, তবে প্রত্যেকেই আলোচনার বিষয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরবেন।
উশাকভ স্বীকার করেন যে, অনেকে এই বৈঠকের সম্ভাবনাকে স্বাগত জানালেও অন্যদের মধ্যে তেমন উৎসাহ দেখা যায়নি। তবে তিনি জোর দিয়ে বলেন যে, এই বৈঠকটি অত্যন্ত প্রয়োজনীয়।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, ত্রিপক্ষীয় বৈঠকটি ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি আলাদা দ্বিপক্ষীয় বৈঠকেরও আয়োজন করা হচ্ছে বলেও তিনি জানান।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








