
অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ চেষ্টার অংশ হিসেবে আফ্রিকার স্থলবেষ্টিত দেশ রুয়ান্ডায় ‘মাইগ্র্যান্ট ডিপোর্টেশন সেন্টার’ গঠনের ঘোষণা দিতে পারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ।
সোমবার (১৬ নভেম্বর) বিবিসি এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী দেশগুলো হলো—জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। সোমবার ভিয়েনায় এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসব দেশ গত সেপ্টেম্বরে জানিয়েছিল, ইইউর বাইরের কোনো একটি দেশের সাথে ‘রিটার্ন হাব’ বা অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনে জন্য একটি চুক্তির বিষয়ে তারা কাজ করছে।
এর আগে গত অগাস্টে রুয়ান্ডা জানিয়েছিল, ইউরোপের কয়েকটি দেশের সাথে এ বিষয়ে তাদের ‘প্রাথমিক আলোচনা’ শুরু হয়েছে।
জানা গেছে, এই পরিকল্পনা কেবল আশ্রয়প্রার্থী হিসেবে ইইউতে থাকার জন্য সব ধরনের আইনি সুযোগ শেষ করেছেন তাদের জন্য প্রযোজ্য হবে।
তবে এ বিষয়ে যুক্তরাজ্য যে চুক্তি করেছিল তার সাথে এই চুক্তির পার্থক্য রয়েছে। ওই চুক্তিতে আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ছিল।
আইনি চ্যালেঞ্জের কারণে যুক্তরাজ্যের ওই চুক্তি কখনোই বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত ২০২৪ সালে ক্ষমতায় আসা লেবার সরকার চুক্তিটি বাতিল করে দেয়।
পাঁচটি ইইউ দেশ বলছে, অভিবাসীদের বিদেশে পাঠানোর এই পরিকল্পনা ইইউ ও আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তবে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এর ফলে অভিবাসীদের অধিকার লঙ্ঘিত হতে পারে।
ইইউর সাম্প্রতিক একটি সংস্কারের মাধ্যমে জোটের বাইরে এ ধরনের কেন্দ্র স্থাপনের সুযোগ দেয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে কূটনৈতিক সূত্র জানিয়েছে, মধ্য-পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কেন্দ্রটি চালু করা হবে। সেখানে প্রায় ১০০ জনকে রাখা হতে পারে। পাঁচটি দেশের প্রতিটি সম্ভবত ২০ জন করে অভিবাসী পাঠাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








