
প্রতিষ্ঠার ৭৮ বছর পর প্রথমবারের মতো জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত পরিবর্তন করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের ‘দুটি বৈরী রাষ্ট্র’ নীতির আওতায় স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড শুক্রবার (১৩ নভেম্বর) এ খবর জানায়। উত্তর কোরিয়ার সংশোধিত সংবিধানের ১৬৬ নম্বর অনুচ্ছেদে পতাকার নতুন অনুপাত উল্লেখ করা হয়েছে। আগে উচ্চতা ও প্রস্থের অনুপাত ছিল ১:২। এখন তা ১:১.৬৫ করা হয়েছে। এতে পতাকার প্রস্থ কমেছে। তবে মাঝের লাল অংশ, সাদা ও নীল ডোরা এবং লাল পাঁচ কোণার তারা অপরিবর্তিত রয়েছে।
উত্তর কোরিয়ার ব্যাখ্যা অনুযায়ী, লাল অংশ জাপানবিরোধী বিপ্লবী যোদ্ধাদের রক্তের প্রতীক। সাদা বৃত্ত ও ডোরা ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি এবং নেতার প্রতি আনুগত্য বোঝায়। নীল ডোরা সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীনতা, বিশ্বশান্তি, বন্ধুত্ব ও জাতীয় সার্বভৌমত্বের প্রতীক।
এর আগে ২০২৪ সালে জাতীয় সংগীত থেকে ‘সামচল্লি’ শব্দ বাদ দিয়ে ‘ই সেসাং’ যুক্ত করে উত্তর কোরিয়া। ‘সামচল্লি’ বলতে পুরো কোরীয় উপদ্বীপকে বোঝানো হতো। নতুন শব্দটির অর্থ ‘এই বিশ্ব’। চলতি বছরের শুরুতে সংবিধান থেকে পুনরেকত্রীকরণ-সংক্রান্ত ধারাও বাদ দেয় দেশটি। এসব পরিবর্তনকে দুই কোরিয়ার ঐক্যের ধারণা থেকে সরে আসার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল বলেন, পতাকার মূল নকশা রেখে অনুপাত পরিবর্তনের মধ্য দিয়ে আগের নেতাদের উত্তরাধিকার বজায় রাখার পাশাপাশি কিম জং উনের আমলের স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। একই সাথে সংবিধান ও জাতীয় প্রতীকের মাধ্যমে ‘দুটি বৈরী রাষ্ট্র’ নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








