
এনভিডিয়ার সিইও হিসেবে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার দাবিতে ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামে পিটিশনে এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, ‘জেনসেনকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার জন্য একটি পিটিশন চলছে এবং আমিও এতে স্বাক্ষর করছি।’
এই সমর্থন কেবল সাধারণ ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রচারণার লাইভ হিসাব অনুযায়ী, ৫৫ হাজারেরও বেশি শেয়ারহোল্ডার এবং এনভিডিয়ার বর্তমান ও সাবেক ছয় হাজার ৩০০ কর্মীর বেশি এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।
পিটিশনে বলা হয়েছে, ৩৩ বছর ধরে কোম্পানিটিকে নেতৃত্ব দেয়া এই সহ-প্রতিষ্ঠাতাকে স্থায়ীভাবে সরিয়ে দেয়ার আগে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। পাশাপাশি তাকে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দেয়া উচিত।
পিটিশনে এনভিডিয়া বোর্ডের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত জেনসেনকে যেন পুনরায় দায়িত্ব ফিরিয়ে দেয়া হয়। পাশাপাশি তাকে সরিয়ে দেয়া কোম্পানির জন্য সর্বোত্তম সিদ্ধান্ত—তার সপক্ষে স্পষ্ট প্রমাণ উপস্থাপন করার আহ্বান করা হয়েছে।
এদিকে, এনভিডিয়া বোর্ড স্থায়ীভাবে কাউকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে সিএফও কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেন তিনি। এসব সম্পর্কের মধ্যে একজন নারীকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে এবং অন্যজন কোম্পানিরই একজন নির্বাহী।
হুয়াংয়ের সাথে কোম্পানির আরো একজন কর্মীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে।
এই অনৈতিক সম্পর্কের খবর এবং হুয়াংয়ের পদত্যাগের ঘটনা এনভিডিয়াকে সঙ্কটে ফেলেছে এবং পুরো এআই শিল্পে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।
সূত্র : দ্য নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








