
প্রযুক্তি খাতের শেয়ারবাজারে চাপ অব্যাহত থাকায় শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের বেশিভাগ সূচকে দরপতন হয়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের ঘটনায় প্রযুক্তি খাতে অস্থিরতা তৈরি হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে না আসার ইঙ্গিত পাওয়ার নতুন তথ্য প্রকাশের পর ডলারের দর বেড়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অন্যতম প্রধান প্রচারক হিসেবে পরিচিত হুয়াং গত বৃহস্পতিবার পদত্যাগ করেন। বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের তথ্য প্রকাশের পর তিনি এ সিদ্ধান্ত নেন।
এসব সম্পর্কের মধ্যে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সাথে সম্পর্কের বিষয়টিও রয়েছে।
হুয়াংয়ের পদত্যাগের ঘটনায় এনভিডিয়ার শেয়ারে বড় ধরনের প্রভাব পড়েছে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি বাজারমূল্যের তালিকাভুক্ত কোম্পানির অবস্থানে থাকা প্রতিষ্ঠানটির শেয়ারের দাম শুক্রবার আরো ২ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার দর বাড়লেও শুক্রবার এনভিডিয়ার দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি ও ব্রডকমের শেয়ারেও বড় ধরনের দরপতন হয়েছে। এএমডির শেয়ারের দাম ৮ দশমিক ৮ শতাংশ এবং ব্রডকমের প্রায় ৫ শতাংশ কমেছে।
বিনিয়োগ প্রতিষ্ঠান এডওয়ার্ড জোন্সের বিশ্লেষক অ্যাঞ্জেলো কোরকাফাসের মতে, এ দু’টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পেছনে মুনাফা তুলে নেয়ার প্রবণতা কাজ করেছে।
তিনি বলেন, ‘বিভিন্ন খাতের শেয়ারবাজারের পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, বিনিয়োগকারীরা এখন তুলনামূলক নিরাপদ খাতের দিকে ঝুঁকছেন। এটি বাজারে সতর্ক অবস্থানের ইঙ্গিত দেয়।’
কোরকাফাস মনে করেন, আগামী সপ্তাহেও এআই প্রযুক্তি বিনিয়োগকারীদের আলোচনার কেন্দ্রে থাকবে। কারণ, এনভিডিয়া তাদের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। একই সময়ে অ্যানথ্রোপিকের শেয়ারও প্রথমবারের মতো ওয়াল স্ট্রিটে লেনদেন শুরু করার কথা রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) আগের মাসের তুলনায় ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সূচকের মাধ্যমে কৃষক, কারখানা ও অন্যান্য উৎপাদক তাদের পণ্য বিক্রি করে যে দাম পান, তার পরিবর্তন পরিমাপ করা হয়।
চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত ভোক্তা মূল্যস্ফীতির তথ্যেও মূল্যবৃদ্ধির প্রবণতা স্পষ্ট হয়েছিল। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ার প্রভাবও এতে উঠে আসে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার অন্তত ০ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বাড়াতে পারে বলে বিনিয়োগকারীরা ধারণা করছেন।
ইউরোর বিপরীতে ডলারের মূল্য ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের পাইকারি মূল্যস্ফীতির তথ্য কিছু বিশ্লেষকের প্রত্যাশার চেয়ে ভালো হলেও সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধির হার সংশোধন করে বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিলে প্রতিবেদনটি ততটা স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেছেন ব্রিফিং ডটকমের বিশ্লেষক প্যাট্রিক ও’হেয়ার।
সেপ্টেম্বর মাসে মাসিক মূল্যবৃদ্ধির হার আগের ১ দশমিক ৩ শতাংশ থেকে সংশোধন করে ১ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অক্টোবরে বার্ষিক পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।
ও’হেয়ার বলেন, ‘এই প্রতিবেদনের মূল বার্তা হলো, পাইকারি পর্যায়ে মূল্যস্ফীতি এখনো বড় সমস্যা হয়ে রয়েছে।’
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা মাইক্রোসফটের আউটলুক ই-মেইল অ্যাপ ব্যবহার করতে না পারার সমস্যায় পড়েছিলেন।
শুক্রবার দিনের শুরুতে দরপতনের পর মাইক্রোসফটের শেয়ারের দাম ঘুরে দাঁড়ায়। অন্যদিকে, এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








