মার্কো রুবিও ও ওয়াং ই
মার্কো রুবিও ও ওয়াং ই। সংগৃহীত ছবি

শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে রাশিয়াকে নিয়ে সম্ভাব্য উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের গুরুত্বের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রেস অফিস এ তথ্য জানিয়েছে।

Advertisement

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আলাপকালে এ বিষয়ে একমত হন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে জানায়, ‘শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য অর্জনে উচ্চপর্যায়ের অর্থবহ আলোচনা গুরুত্বপূর্ণ বলে তারা একমত হয়েছেন। রাশিয়াকে নিয়ে সম্ভাব্য যেকোনো ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকও এর অন্তর্ভুক্ত।’

আলাপকালে রুবিও ও ওয়াং ই চীনের শেনজেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন নিয়েও আলোচনা করেন। এছাড়া আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন নিয়েও তাদের মধ্যে কথা হয়।

এ সময় পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে দুই দেশের নেতাদের অঙ্গীকার নিয়েও আলোচনা করেন তারা।

চীনের অনুরোধে এ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়।

সূত্র : বাসস