এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে
এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ব্যবসা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হলেও যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য ও আগামী মাসে সুদের হার বড় পরিসরে বাড়ানোর আশঙ্কায় বুধবার (১১ নভেম্বর) এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।

Advertisement

গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিয়ন্ত্রণ বাড়াতে ডেমোক্র্যাটদের উদ্যোগের আশঙ্কায় প্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতন হয়েছিল। তবে চলতি সপ্তাহে কম দামে শেয়ার কেনার প্রবণতা ও আগের উদ্বেগ অতিরঞ্জিত ছিল— এমন ধারণা থেকে প্রযুক্তি খাতের শেয়ারগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান কোরউইভের আয়-সংক্রান্ত পূর্বাভাসও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত মাসে প্রতিষ্ঠানটির শেয়ারে বড় দরপতন হয়েছিল। নতুন আয়-প্রাক্কলন সেই উদ্বেগ কিছুটা কমিয়েছে।

এআই খাতে বিপুল বিনিয়োগের অর্থায়নের কারণে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান ঋণের ওপর নির্ভরশীল। ফলে ঋণের সুদের হার বাড়লে এসব প্রতিষ্ঠানের আর্থিক চাপ বাড়তে পারে। 

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার পরিকল্পনাও বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইপিওর মাধ্যমে সর্বোচ্চ ৬৪ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। 

এআই খাতে বিনিয়োগের বর্তমান জোয়ার কত দিন স্থায়ী হতে পারে, তা বোঝার ক্ষেত্রে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রবেশকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।

প্রতিষ্ঠানটির নথিতে আরো বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের আয় বেড়ে ১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 

এছাড়া ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো ১০ বিলিয়ন ডলারের ত্রৈমাসিক আয় করেছে। 

তাদের সফটওয়্যারের চাহিদা বৃদ্ধির কারণে এ আয় হয়েছে। আগের প্রান্তিকের তুলনায় আয় প্রায় ৫০ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে।

তবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াও আলোচনায় রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সাথে এক নারীর কথিত সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

ওই নারীকে চীনের গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটি এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে।

সুদের হার বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে। এর ফলে টানা দুই দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান হয়েছে। এর প্রভাব পড়ে এশিয়ার বাজারেও।

এশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠানের তালিকাভুক্তির কারণে টোকিও, সিউল ও তাইপের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। সিঙ্গাপুর ও জাকার্তার বাজারেও সূচক বেড়েছে।

অন্যদিকে হংকং, সাংহাই, সিডনি, ওয়েলিংটন ও ম্যানিলার শেয়ারবাজারে দরপতন হয়েছে।

অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের মাসের তুলনায় ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে এ বৃদ্ধির হার ছিল ০ দশমিক ৬ শতাংশ। 

প্রতিবেদনে দেখা গেছে, জ্বালানির দাম বাড়ার গতি উল্লেখযোগ্যভাবে কমলেও খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়েছে। পাশাপাশি চিকিৎসাসেবা ও গৃহস্থালি আসবাবপত্রসহ আরো কয়েকটি খাতেও দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অস্টান গুলসবি পিবিএস নিউজআওয়ারকে বলেন, মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদনটি আবারো উদ্বেগজনক। পরিস্থিতি প্রায় আতঙ্কজনক পর্যায়ে পৌঁছেছে।

প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা আগে ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার পক্ষে মত দেন। 

ফেডের আরেক কর্মকর্তা ও ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট লরি লোগানও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন।

বিনিয়োগ প্রতিষ্ঠান পেপারস্টোনের বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন, ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের রাজনৈতিক প্রভাব ও এআই অবকাঠামো খাতের অর্থনৈতিক বাস্তবতা— দু’টি বিষয়ই এখন বাজারের অংশগ্রহণকারীদের বিবেচনায় রাখতে হচ্ছে।

তার মতে, বিনিয়োগকারীরা ভবিষ্যতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়, নগদ অর্থের প্রবাহ ও অর্থায়নের পরিস্থিতি নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করতে বাধ্য হচ্ছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় মঙ্গলবার তেলের দাম আবারো কমেছিল। 

তবে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলারে অবস্থান করছিল। চলতি মাসের শুরু থেকে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল— উভয় ধরনের তেলের দাম প্রায় ২০ শতাংশ কমেছে।

কোম্পানি-সংক্রান্ত খবরে জাপানের প্রযুক্তি খাতে বিনিয়োগকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সফটব্যাংকের শেয়ারের দর টোকিওর শেয়ারবাজারে একপর্যায়ে ৮ শতাংশ পর্যন্ত কমে যায়।

প্রতিষ্ঠানটি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ৭ বিলিয়ন ডলারের বেশি লোকসানের কথা প্রকাশ করার পর শেয়ারবাজারে এই দরপতন ঘটে।

সূত্র : বাসস