
ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘চরম উন্মত্ততায়’ ভুগছেন বলে মন্তব্য করেছে আরব জয়েন্ট লিস্ট। পার্লামেন্টে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকারও ব্যক্ত করেছে জোটটি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু বুধবার (১১ নভেম্বর) জানায়, মঙ্গলবার পার্লামেন্টে দেয়া ভাষণে নেতানিয়াহু অভিযোগ করেন, আরব জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট—দুটি দলই ইসরাইলকে ধ্বংস করতে চায়। তার রাজনৈতিক প্রতিপক্ষরা আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করছে। এর মধ্যেই তিনি এমন অভিযোগ তুললেন।
এক বিবৃতিতে আরব জয়েন্ট লিস্ট বলেছে, ‘রক্তপাত ও অপরাধের জন্য দায়ী একজন প্রধানমন্ত্রী এখন চরম উন্মত্ততায় ভুগছেন। আজকের বক্তব্যের পাগলামি, উসকানি, বর্ণবাদ ও বিদ্বেষ ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই।’
নেতানিয়াহু, পার্লামেন্টের স্পিকার এবং তাদের সরকারকে ক্ষমতা থেকে সরাতে ভোটারদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে জোটটি। জোটটি বলছে, নেতানিয়াহুদের ঠাঁই হবে ‘ইতিহাসের আস্তাকুঁড়ে’।
নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাসও। ইসরাইলের চ্যানেল ১২-কে তিনি বলেন, আনুষ্ঠানিক একটি মঞ্চে দাঁড়িয়ে নেতানিয়াহু আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি দিয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলেছেন—এতে তিনি বিস্মিত। আব্বাস বলেন, তার দলের অঙ্গীকার নিয়ে সন্দেহের কোনোই অবকাশ নেই।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের আলোচনা চলছে। সে তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। তার নেতৃত্বাধীন চার দলের জোটের আসন ১২০ সদস্যের পার্লামেন্টে ৪৮টি। নেতানিয়াহুর শিবিরের আসন ৫৩টি। আরব জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্টের সম্মিলিত আসন ১৯টি।
নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানোর বিষয়ে তার বিরোধীরা একমত হলেও পরবর্তী সরকার কেমন হবে এবং আরব দলগুলোর সাথে কীভাবে কাজ করবে, তা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরো ১৪ দিন সময় বাড়ানো হতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








