
রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আগামী মাসের প্রথমার্ধে নতুন করে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। একই সঙ্গে রুশ দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে ২৭ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ। এর আওতায় শহরটিতে খাদ্যসহ মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং বেসামরিক বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিদের কারিগরি পর্যায়ের বৈঠক হবে। এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবুধাবি অথবা সুইজারল্যান্ডে এই বৈঠক হতে পারে। জেলেনস্কি আশা করছেন, পরে তিন দেশের নেতারাও বৈঠকে বসবেন।
ওলেশকিতে যুদ্ধের আগে প্রায় ২৪ হাজার মানুষ বাস করতেন। হোয়াইট হাউসের হিসাবে, এখন সেখানে রয়েছেন মাত্র ১ হাজার ৭০০ থেকে ২ হাজার মানুষ। শহরটিতে খাদ্যসংকটও তীব্র হচ্ছে। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ২৭ অক্টোবর ভোর ৪টা থেকে গোলাবর্ষণ বন্ধ থাকবে। ইউক্রেনও একই সময় থেকে যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে। শহরে যাওয়ার সড়ক থেকে মাইন সরানো, খাদ্য সরবরাহ এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ এই অভিযানের অন্তর্ভুক্ত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








