ইয়েমেন, সেনা নিহত, হাউছি,
ইযেমেনি সেনা। আনদোলু

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশে হাউছি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৮ ইয়েমেনি সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী গত শনিবার গভীর রাতে এই তথ্য প্রকাশ করে।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু রোববার (১৮ অক্টোবর)  সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন তুর আল-বাহাহ মিলিটারি এক্সিস বিবৃতির বরাত দিয়ে জানায়, লাহজ প্রদেশের আল-মাকাতিনাহ ফ্রন্টে সেনারা নিহত হন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি তারা। হাউছিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার প্রতিবেশী তাইজ প্রদেশের পৃথক স্থানে হাউছিদের হামলায় দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হন বলে সরকারের একটি দফতর উল্লেখ করেছে।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর থেকে যে আপেক্ষিক শান্ত পরিবেশ ছিল, তা পেরিয়ে গত জুলাইয়ে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। সাম্প্রতিক এই সহিংসতা সেই উত্তেজনারই অংশ।

২০১৪ সালের সেপ্টেম্বরে হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা ও একাধিক প্রদেশ দখল করে নিলে ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে।