
ইরাক থেকে মার্কিন সৈন্য গুটিয়ে নেওয়াকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে দেখছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি। কেবল ইরাকই নয়, গোটা মধ্যপ্রাচ্য থেকেই মার্কিন বাহিনীকে পাতাতাড়ি গোটানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইরানি বার্তা সংস্থা ইসনার সূত্রে আল জাজিরা বৃহস্পতিবার (১ অক্টোবর) জানায়, আইআরজিসির মতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দীর্ঘদিনের উপস্থিতি অঞ্চলটিতে ক্রমাগত বিশৃঙ্খলা উসকে দিয়েছে। তাই এখান থেকে তাদের সব সামরিক তৎপরতার স্থায়ী অবসান জরুরি।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘যুক্তরাষ্ট্রকে এই এলাকা ছাড়তেই হবে এবং এই অঞ্চলের সুরক্ষার ভার এখানকার দেশগুলোর হাতেই ছেড়ে দেওয়া উচিত। দুই দশকের দখলাভিযান প্রমাণ করেছে— মার্কিন উপস্থিতি শান্তিতো আনেইনি, বরং তা অশান্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের মূল জ্বালানি হিসেবে কাজ করেছে।’
ইরাকে দীর্ঘ সামরিক অভিযানের ধ্বংসযজ্ঞ ও খরচের হিসাব টেনে সংস্থাটি আরও দাবি করে, যুক্তরাষ্ট্রের নিজস্ব হিসাব ধরলেও এই ক্ষতির পরিমাণ পাহাড়সম।
বিবৃতিতে বলা হয়, ‘বিশ বছর ধরে রক্তক্ষয়ী হস্তক্ষেপ, প্রায় পাঁচ হাজার সেনার প্রাণহানি আর চার ট্রিলিয়ন ডলারের লোকসান গুনেও লাভ হয়নি। ইরাকিদের চরম ক্ষোভ ও ঘৃণার মুখে নতি স্বীকার করেই মার্কিনদের বিদায় নিতে হলো।’ পেন্টাগন ক্ষতির যে হিসাব দেখাচ্ছে, বাস্তবে প্রাণহানি ও খরচের অঙ্কটা এর চেয়েও অনেক বেশি বলে দাবি আইআরজিসির।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








