এআই তদারকিতে ‘এআই ফোর্স’ ও বিশেষ কর্মকর্তা নিয়োগের ঘোষণা ট্রাম্পের

 রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের তদারকি ও নীতি নির্ধারণে ‘এআই ফোর্স’ গঠন এবং এক বিশেষ কর্মকর্তা (‘এআই জার’) নিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার ট্রাম্প তার নিজস্ব সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিষয়টি নিশ্চিত করেন।
সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের একাধিক শীর্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞ এআইয়ের সম্ভাব্য ঝুঁকি তুলে ধরে এর বিকাশ ধীরগতির করার আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুক্তির কঠোর বিরোধিতা করে দ্রুত অগ্রগতির পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের আশঙ্কা- বিকাশের গতি কমালে এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন এগিয়ে যেতে পারে। অন্য দিকে অনেক রিপাবলিকান নেতাও এআইয়ের প্রভাব ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংযত পদক্ষেপে জোর দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর সাফল্য অনুসরণে নতুন এই ‘এআই ফোর্স’ গড়ে তোলা হবে। শিগগিরই এই বাহিনীর শীর্ষ প্রশাসনিক পদ বা ‘এআই জার’ হিসেবে উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তি নিয়োগের প্রক্রিয়ার কথাও জানান তিনি।
এআই নিয়ে মানবজাতি বা অস্তিত্বের হুমকির যে সতর্কবার্তা বিশেষজ্ঞরা দিচ্ছেন, সেটিকে সরাসরি ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যা দেন ট্রাম্প। তার দাবি, উগ্র বামপন্থী ডেমোক্র্যাটরা দেশের অগ্রগতি রুখে দিতেই ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ, ইউক্রেন ইস্যু, বৈশ্বিক উষ্ণায়ন, অভিশংসন চেষ্টা কিংবা নারীদের খেলায় পুরুষদের অংশগ্রহণের মতো অবাস্তব বয়ান তৈরি করেছিল। এআই নিয়ে বর্তমান নেতিবাচক প্রচারণাও তারই অংশ। তিনি স্পষ্ট বার্তা দেন, মার্কিন সরকার কোনোভাবেই এই উদীয়মান শিল্পের গতি রুদ্ধ করবে না। তবে প্রযুক্তি ব্যবহারের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অপব্যবহার ঘটলে বিদ্যমান ফৌজদারি ও দেওয়ানি আইনের আওতায় কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।