ইসরাইলের কাছে বিপুল অস্ত্রের চালানে মার্কিন ডেমোক্র্যাটদের বাধা

দ্য হিল
ইসরাইলের অনুকূলে ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাবে ভেটো দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট আইনপ্রণেতা জিন শ্যাহিন। একই সাথে মার্কিন নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের সংশ্লিষ্ট কমিটির জ্যেষ্ঠ সদস্য গ্রেগরি মিকসও এই অস্ত্র চুক্তিতে ভেটো প্রদান করেছেন। এতে তেলআবিব ও ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের ডেমোক্র্যাট নীতি নির্ধারকদের স্পষ্ট অসন্তোষ সামনে এলো।
ওই অস্ত্র চালানের তালিকায় এক টন ওজনের প্রায় ৪০ হাজার ভারী বোমার অন্তর্ভুক্তি রয়েছে। গাজা উপত্যকায় বেসামরিক মানুষের মৃত্যুর ঝুঁকি ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের আশঙ্কায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এসব অস্ত্র সরবরাহ স্থগিত রেখেছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান মতে, টানা তিন বছরের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পররাষ্ট্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমিটির শীর্ষ নীতিনির্ধারক হিসেবে নির্দিষ্ট অঙ্কের বৈদেশিক সামরিক চুক্তি বা অস্ত্র বিক্রি প্রক্রিয়ায় বাধা দেয়ার আইনি এখতিয়ার রয়েছে শ্যাহিনের। মার্কিন আইনপ্রণেতারা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন প্রশাসন গাজায় ব্যাপক প্রাণহানি, সিরিয়ায় সামরিক বিমান হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে উগ্রপন্থীদের সঙ্ঘাত রোধে কোনো দায়িত্বশীল পদক্ষেপ নেয়নি। মিকস মন্তব্য করেন, মার্কিন অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন রক্ষা করা হচ্ছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সিনেটর জিন শ্যাহিন সম্প্রতি গণমাধ্যমকে জানান, ইসরাইলের বর্তমান সামরিক তৎপরতা, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা, বাসস্থান ত্যাগ করতে বাধ্য করা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা যাওয়া জরুরি।