স্থবির অর্থনীতি চাঙ্গা করতে রুশ গ্যাস ফেরানোর কূটনৈতিক দৌড়ঝাঁপ

 রয়টার্স
জার্মানির স্থবির হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা এবং আবারো রুশ জ্বালানি সরবরাহ চালুর লক্ষ্যে পর্দার অন্তরালে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিশেষ অর্থনৈতিক প্রতিনিধি এবং জার্মানির প্রধান অতি-ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’র (এএফডি) শীর্ষ নেতৃত্বের মধ্যে আগামী বছরের শুরুতে এক উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। অনানুষ্ঠানিক সূত্র নিশ্চিত করেছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাসেই এই বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যদিও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর যৌথ প্রতিরোধের মুখে এএফডি ক্ষমতার বাইরে রয়েছে, তবে সাম্প্রতিক জনমত জরিপে দলটি দেশের অন্যতম জনপ্রিয় শক্তিরূপে অবস্থান সুসংহত করেছে। ক্রেমলিনের সাথে তাদের এই গোপন বৈঠকের উদ্যোগ জার্মানি তথা ইউরোপীয় রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।
পরিকল্পিত এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ উপদেষ্টা ও দেশের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ অংশ নিতে পারেন।  অন্য দিকে এএফডির প্রতিনিধিত্ব করবেন দলের দুই সহসভাপতি অ্যালিস উইডেল ও টিনো ক্রুপাল্লা। সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি বা রূপরেখা বাস্তবায়িত হলেই কেবল এই শীর্ষ সম্মেলনটি সম্ভব হবে।